ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের ‘বীর’ উপাধি দিলেন কিম
Printed Edition
আলজাজিরা
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন। রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিহত সেনাদের পরিবারকে সান্ত¡না দেন এবং আহত সেনাদের আলিঙ্গন করে তাদের ‘বীরত্ব’কে স্বীকৃতি দেন।
রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম জং-উন সেনাদের “গণবীরত্ব” প্রশংসা করেছেন এবং ৫২৮তম ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের সদস্যদের ‘বীর’ উপাধি দিয়েছেন। এ রেজিমেন্ট রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করেছে। অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতিকৃতিতে ‘হিরো অব দ্য রিপাবলিক’ পদক ঝুলিয়ে দেওয়া হয়।
এটি উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে তাদের সেনারা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, অন্তত ১০১ জন সেনা নিহত হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, ৬০০ জন পর্যন্ত হতাহতের আশঙ্কা রয়েছে।
কিম জং-উন অনুষ্ঠানে বলেন, “আমাদের সেনারা আন্তর্জাতিক মঞ্চে কোরিয়ার মর্যাদা উজ্জ্বল করেছে।” তিনি আহত সেনাদের হুইলচেয়ারে বসা অবস্থায় আলিঙ্গন করেন এবং তাদের আত্মত্যাগকে জাতীয় গৌরব হিসেবে তুলে ধরেন।