মা চরিত্রে দর্শকের প্রিয় দুজন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
একজন শিরীন আলম, অন্যজন শেলী আহসান। দুজনই দর্শকের কাছে অভিনেত্রী হিসেবে বেশ প্রিয়। বিশেষত দুজনেই মা চরিত্রে অভিনয় করেই দর্শকপ্রিয়তা পেয়েছেন। গুণী নির্মাতা সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক ‘হাড়কিপ্টে’তে অভিনয় করে শিরীন আলম অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে অপূর্বর মায়ের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন। অভিনয়ে মূলত শিরীন আলমের যাত্রা শুরু ১৯৮৫ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘দ্বিতীয় পুরুষ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। ১৯৯০ সালে তিনি ‘পদধ্বনি’ থিয়েটারের সাথে যুক্ত হন। এই দলের হয়ে দশ বছর মঞ্চে অভিনয় করেন। এই দলের পাশাপাশি তিনি ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র সাথেও যুক্ত ছিলেন। শিরীন আলম বহু একক নাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে তৌকীর আহমেদ-এর ‘দারুচিনি দ্বীপ’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’। এই সময়ে তার প্রচার চলতি ধারাবাহিক হচ্ছে সকাল আহমেদ-এর ‘বিশ^াস বনাম সরদার’। এরই মধ্যে একই পরিচালকের ঈদ নাটক ‘সুখের সংসার’-এ অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শেলী আহসান মূলত একজন সঙ্গীতশিল্পী ছিলেন। খেলাধুলাতেও পারদর্শী ছিলেন তিনি। ১০০ মিটার, ২০০ মিটার ও লংজাম্প-এ যশোর জেলা চ্যাম্পিয়ন ছিলেন তিনি। তন্ময় তানসেন পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডাংগুলি’তে শেলী প্রথম অভিনয় করেন। এরপর আরো অনেক ধারাবাহিক ও একক নাটকে মা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যশোহরে শেলী আহসান ‘উদীচী’র সাথে সম্পৃক্ত ছিলেন। শিরীন আলমের তিন সন্তান শাওন, শোভন ও প্রান্ত। শেলী আহসানের দুই সন্তান পিয়াস ও সন্তু। শিরীন আলম বলেন, দর্শকের ভালোবাসা ছাড়া অভিনয় করে আর তেমনি কিছুই প্রাপ্তি নেই জীবনে।