রানীনগরে মেধা যাচাইয়ে ২ শিক্ষার্থী পেল বাইসাইকেল

Printed Edition
bangla-5
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রানীনগরে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে। গত শুক্রবার সকালে রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে লিখিত-মৌখিক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মোট ২১০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক শাখায় প্রথম হয় উপজেলার লোহাচুড়া গ্রামের শিক্ষার্থী নওগাঁ কেডি স্কুলের মো: আব্দুল্লাহ আল সাজিদ। জুনিয়র শাখায় প্রথম স্থান অধিকার করে রণসিঙ্গা গ্রামের রানীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান।

রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তফা ইবনে আব্বাস, আনজির হোসেন, শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।