ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিশুসহ হতাহত ৩৫
Printed Edition
আলজাজিরা
ইউক্রেনের আটটি অঞ্চলে গত এক রাতে রাশিয়ার চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই দফায় রাশিয়ার হামলার মূল লক্ষ্য ছিল বেসামরিক জনপদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের জাতীয় পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মধ্য ইউক্রেনের দিনিপ্রো শহরটি সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশু এবং দুই পুলিশ সদস্য রয়েছেন।
দিনিপ্রোর একটি আবাসিক ভবনে বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি সেবা বিভাগ। অন্য দিকে উত্তরের চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন। এ ছাড়া খারকিভ অঞ্চলে রাশিয়ার গোলায় এক বছর বয়সী এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোরস্ক শহরে চালানো হামলায় আরো দুইজন আহত হয়েছেন। সেখানে ছয়টি বসতবাড়ি, পাঁচটি বহুতল ভবনসহ একটি গির্জা ও একটি ডাকঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওডেসা ও চেরনিহিভসহ ইউক্রেনের বিভিন্ন প্রান্তে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয় বিমানবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া এই হামলায় রেকর্ড সংখ্যক ৬১৯টি ড্রোন এবং ৪৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যার মধ্যে ৬১০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় রাশিয়ার এই রণকৌশলের তীব্র নিন্দা জানিয়েছেন।