ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Printed Edition
back-1
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেয়া হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

কৃষকরা এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা এই কার্ডের আওতায় থাকবে।

এ সময় তিনি বলেন, ‘কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সব ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এ ছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে।’ কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে বলেও জানান মন্ত্রী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের সব কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে।’ তবে এর সঠিক সময়সীমা প্রস্তুতির ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের জন্য খুব শিগগিরই অবসর সুযোগ-সুবিধা ঘোষণা করা হবে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত ট্রাস্টের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাংবাদিকদের অবসর সুবিধা দেয়ার কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন, বিএফইউজের সহসভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ খায়রুল বাশার, সদস্য শাহিন হাসনাতসহ সাংবাদিক নেতারা এবং তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের জন্য খুব শিগগিরই অবসর সুবিধা চালু করতে বিভিন্ন সুযোগ-সুবিধা ঘোষণা করা হবে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এতে সারা দেশের ৬৫ বছরোর্ধ্ব সাংবাদিকরা এর আওতায় আসবেন। এ ছাড়াও গণমাধ্যমের জন্য একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার চালু করা হবে, যাতে ভুল তথ্য থেকে পাঠকরা সুরক্ষিত থাকতে পারেন।

মেধাবৃত্তি অনুষ্ঠানে সারা দেশে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সারা দেশের ৪০২ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।