বিশ্বকাপ ফুটবলের টিকিট চাহিদা তুঙ্গে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে ফিফা জানিয়েছে, প্রথম দুই ধাপে প্রায় ২০ লাখ টিকিট বিক্রি হয়েছে। আর জোগানের তুলনায় চাহিদা ৩০ গুণেরও বেশি রয়েছে।

তবে উচ্চমূল্য ও বৈশ্বিক অস্থিরতার কারণে সমালোচনাও বাড়ছে। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম প্রায় ৯০০ ডলার, আর ফাইনালের সেরা আসনের মূল্য ৮ হাজার ডলারের বেশি। অফিসিয়াল রিসেল সাইটে একটি টিকিটের দাম এক লাখ ৪৩ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

যুক্তরাষ্ট্রে কড়াকড়ি অভিবাসন নীতি, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি ও মেক্সিকোর গুয়াদালাহারায় সহিংসতার ঘটনায় কিছু সমর্থকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন।

ফিফা দাবি করেছে, তারা অলাভজনক সংস্থা ও টিকিট বিক্রির আয় বিশ্ব ফুটবলের উন্নয়নে ব্যয় করবে। তবুও অনেক সমর্থক মনে করছেন, এবারের বিশ্বকাপ সাধারণ মানুষের নয়, বরং উচ্চবিত্তদের টুর্নামেন্টে পরিণত হচ্ছে।