বড় কোনো সঙ্কট তৈরি না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী
Printed Edition
কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সঙ্কট তৈরি না হলে বা বিপর্যস্তকর কোনো পরিস্থিতি তৈরি না হলে রমজানের আগেই ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা পারিবারিক ব্যাপার।
দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।
শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের সরদারপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।