বুড়িচংয়ে নেশার টাকার জন্য পৈশাচিক নির্যাতনে স্ত্রীকে হত্যা

Printed Edition

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহতের মা বাদি হয়ে স্বামী ও শ্বশুরকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেছেন।

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি একই এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম দুলাল মিয়া (৩৭), পেশায় রাজমিস্ত্রি। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সন্তানদের সামনেই স্ত্রীর বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নামাজে জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহসংলগ্ন কবরস্থানে লিজাকে দাফন করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।