চট্টগ্রামে আর্মি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন সেনাপ্রধানের

Printed Edition
3rd-1
চট্টগ্রামে আর্মি মেডিক্যাল কলেজ ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সেনানিবাসস্থ আর্মি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ। এ সময় উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে দেশের চিকিৎসা খাতে এই মেডিক্যাল কলেজ এবং নির্মিতব্য আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট, বিআইআরসি; সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল; সাবেক অধ্যক্ষগণ, আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রামের চিফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিকঅধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড: জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার অভ্যর্থনা জানান। আইএসপিআর জানায়, বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

এ ছাড়াও, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট ও পাপা টাইগার, ইবিআরসি; মিলিটারি সেক্রেটারি; অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিআইআরসি; চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড; সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ; সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ও ইউনিটসমূহের অধিনায়করা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।