বিনামূল্যের দু’টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন
প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন প্রবাসী কর্মীদের লাশ বিনাখরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে। গতকাল প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পাঠানোর জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দু’টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের লাশ বিনাখরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের লাশ আনার জন্য এরই মধ্যে তিনটি গাড়ি আছে। আজ (২৪ ফেব্রুয়ারি) আরো দু’টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের লাশ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে। এ ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে।
তিনি জানান, বর্তমানে প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে গ্রহণের সময় দাফন ও তাৎক্ষণিক খরচের জন্য পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেয়া হয়। এর বাইরে যারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) সঠিকভাবে রেজিস্ট্রেশন করে প্রবাসে কাজ করতে যান, তাদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ১৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এই সুযোগ-সুবিধাগুলো যেন প্রতিটি ভুক্তভোগী পরিবার সহজে পায়, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হবে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে বিনামূল্যে প্রবাসীদের লাশ পরিবহন করত। তবে বর্তমানে এই সেবা বন্ধ রয়েছে।