মুক্তাগাছায় দুর্নীতিমুক্ত উন্নয়নের অঙ্গীকার জামায়াত প্রার্থীর
Printed Edition
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, মুক্তাগাছার জনগণ তাকে নির্বাচিত করলে উপজেলার সব সেক্টরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে তিনি কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, পুলিশ ও প্রশাসনে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। অন্যায়, অসৎ ও অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা ওলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ বদরুল আলম, জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা আমির অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদসহ দলীয় নেতাকর্মীরা।