বগুড়ায় জামায়াত ও বিএনপি নেতাদের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition
Banglar Diganta-2
বগুড়া-৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জামায়াত নেতা গোলাম রব্বানী : নয়া দিগন্ত

বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে বগুড়া জেলার বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীসহ অন্যান্যরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি ও জামায়াতের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এছাড়া গত বুধবার বিএনপির প্রার্থী ঘোষণা না হলেও মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমের পক্ষে দলের স্থানীয় নেতারা সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে বিএনপি জোটের আরেক মনোনয়নপ্রত্যাশী নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের গোলাম রব্বানী বলেন, জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে দায়িত্ব দেন, তবে আমি তাদের আমানত রায় আপসহীনভাবে কাজ করে যাবো।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী (ইফসুর) মহাসচিব, সাবেক ছাত্র নেতা সহকারী অধ্যাপক ডক্টর মোস্তাফা ফয়সাল পারভেজ গতকাল দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিনের নিকট থেকে মনোয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মানিক, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডল, ইসলামী ছাত্রশিবির বগুড়া (পশ্চিম) জেলা শাখা সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির প্রমুখ।