ভোটার ও প্রার্থী হতে পারবেন তারেক রহমান : ইসি সচিব

Printed Edition

বিশেষ সংবাদদাতা

তারেক রহমান এখনো ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও ইসির কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। কারণ আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গত ৩১ অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে গতকাল সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। এ সময় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি- এই সাতটি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে। তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন তারা, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন। তাদের নামই ভোটার তালিকায় আসবে। এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন।

কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।