আনিসুল ও মার্শালের সেঞ্চুরি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আনিসুল ইসলাম ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন নিজেদের করে রাখল ঢাকা বিভাগ। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৮১ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানে প্রথম দিন শেষ করেছে ঢাকা। ওপেনার আনিসুল ১৮৩ ও মার্শাল আইয়ুব ১০৯ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আনিসুল। ৫ চারে ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হন শিবলি। এরপর ফয়সাল আহমেদ রায়হান ৯ ও জিশান আলম ২২ রানে আউট হলে জুটি বাঁধেন আনিসুল ও মার্শাল। দু’জনই সেঞ্চুরি তুলে নেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪তম ম্যাচে প্রথম সেঞ্চুরির পান আনিসুল। ১৩৭ বল খেলে আনিসুল যখন সেঞ্চুরি করেন, অন্য প্রান্তে ২৯ রানে ছিলেন মার্শাল। অবশেষে ১১৯ বলে ক্যারিয়ারের ১৭৬তম ম্যাচে ২৯তম শতক পূর্ণ করেন মার্শাল। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন আনিসুল। ১৮টি চার ও ৫টি ছক্কায় ২২৭ বলে ১৮৩ রানে অপরাজিত আছেন তিনি। ১২ বাউন্ডারিতে ১৩২ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্শাল। ১৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ২০৩ রানের জুটি গড়েছেন আনিসুল ও মার্শাল। ইরফান হোসেন ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।
সৌম্যর হাফ সেঞ্চুরি
বগুড়ায় ওপেনার সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭৮.৩ ওভারে ৯ উইকেটে ৩০২ রান করেছে খুলনা বিভাগ। দলের হয়ে ৫৫ বলে ১১ চার এক ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন সৌম্য। মেহেদি হাসান রানা ২৮ ও আব্দুল হালিম ২ রানে অপরাজিত আছেন। নাসির তিনটি, মুগ্ধ ও সোহেল রানা দুইটি করে উইকেট নেন।
প্রথম দিনেই অলআউট রাজশাহী
নাইম আহমেদের লড়াকু হাফ সেঞ্চুরির (১২৮ বলে ১১ চার ২ ছক্কায় ৮১ রান) পরও প্রথম দিনেই অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ বোলারদের তোপে ৫৪.২ ওভারে ২১৯ রানে অলআউট হয় দলটি। জবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ৭৩ রান করেছে ময়মনসিংহ। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১৪৬ রানে পিছিয়ে ময়মনসিংহ। রনি তিনটি, গালিব ও রাকিবুল হাসান দুইটি করে উইকেট নেন। খালিদ ২৮ ও আরিফুল ৫ রানে অপরাজিত আছেন।
বরিশালের ২৬৯
রাজশাহীতে ইফতিখার হোসেন ইফতি ও হাফিজুর রহমানের হাফ-সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করেছে বরিশাল বিভাগ। ইফতি ৬৩ ও হাফিজুর ৫৮ রান করেন। ৩ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত আছেন সোহাগ। মহিউদ্দিন তারেক ৩টি ও আবু জায়েদ রাহি ২টি উইকেট নেন।