আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা : প্রফেসর ড. আবদুর রব
Printed Edition
শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন- যেখানে কোনো আধিপত্যবাদী শক্তি আগ্রাসনের সাহস পাবে না। এই চেতনা জাগ্রত করায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
গতকাল রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ভিসি বলেন, কেবল ভালো ফলাফল বা চাকরিই জাতির চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল শহীদ হাদির স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের পথেই তাকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, উত্তরে চীন, দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর- এই অবস্থান বাংলাদেশকে বৈশ্বিক শক্তির আগ্রহের কেন্দ্রে পরিণত করেছে। আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই তাবেদার শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলে আসছে।
শহীদ হাদিকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক অনন্য আইকন উল্লেখ করে প্রফেসর ড. আবদুর রব বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর দেশীয় দোসরদের ভীত করে তুলেছিল। ব্যক্তিগত জীবনে নম্র ও ভদ্র হলেও ইতিহাস, সংস্কৃতি ও ভূরাজনীতিতে তার গভীর জ্ঞান ছিল বিরল। দোয়া মাহফিল শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো: কামরুজ্জামান খিজরী শহীদ হাদির রূহের মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- ট্রেজারার মো: মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, আইন বিভাগের প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।