বিরোধীদলীয় নেতার ওমরাহ পালন

Printed Edition
first-2
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। গতকাল বুধবার তিনি পবিত্র ওমরাহ পালন করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল ৬ মার্চ সকালে বিরোধী দলীয় নেতার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকা-৬ আসনের ইফতার : জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার পথে কোনো ধরনের ষড়যন্ত্র বা টালবাহানা এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। তিনি বলেন, ছাত্রসমাজ তাদের সহযোদ্ধাদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেবে না।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো: কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো: দেলোয়ার হোসাইন, জকসুর জিএস আব্দুল আলীম আরিফ।

শাহবাগ পূর্ব থানার সমাবেশ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার তৈরি করা ফ্যাসিবাদী সংবিধান জনগণ মানে না বলেই চব্বিশের বিপ্লব হয়েছে। যারা এই সংবিধান রক্ষা করতে চায়, তারা আসলে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তিনি আরো উল্লেখ করেন যে, বর্তমান সংবিধানের দোহাই দিলে ত্রয়োদশ সংসদ নির্বাচনই অবৈধ হয়ে পড়ে।

গতকাল বুধবার রাজধানীর শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনপরবর্তী এজেন্ট ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে ড. হেলাল বলেন, ‘বিপ্লব কখনো সংবিধান মেনে হয় না। আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন, তা মানলে তো ২০২৯ সাল পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আদালত ও জনগণকে মুখোমুখি না করে গণভোটের রায় মেনে নিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান।