কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

Printed Edition

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে ভর্তি থাকা এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে জামাল বিশ্বাসের সাথে তার ভাই পান্না বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে পান্না বিশ্বাসের সমর্থকরা হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পরও তারা এসে আমার ভাইকে কুপিয়েছে। আমরা এর বিচার চাই।’

অভিযুক্তদের মধ্যে শাওন, বাবু, মানিক, অনিক ও হাফিজুর বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে পান্না বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।