রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Printed Edition
রংপুর ব্যুরো
রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১ টায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মহানগর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, স্থানীয় ব্যবসায়ী পার্থ বোস, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে বারবার আলটিমেটাম দেয়ার পরেও প্রায় দুই বছরের কাছাকাছি হতে চলছে রাস্তার কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
বক্তাদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সিটি করপোরেশন পুনর্নির্মাণ কিংবা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সিটি করপোরেশনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন তারা। এ সময় নতুন প্রশাসকের কাছে দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরুর দাবিও জানান। তবে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী জানিয়েছেন, ওই রাস্তাটি পুনর্নির্মাণের টেন্ডার হয়েছে। এখন অ্যাসেসমেন্টের কাজ চলছে। দ্রুতই রাস্তাটি পুনর্নির্মাণে কার্যাদেশ দেয়া হবে এবং কাজ শুরু হবে।