অবৈধভাবে প্রবেশে লালমনিরহাটে বিএসএফ সদস্য আটক
Printed Edition
লালমনিরহাট প্রতিনিধি ও পাটগ্রাম সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর রাত আনুমানিক ৫টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দগগ্রাম আঙ্গুরপোতা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় ডাঙ্গাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর কাছ দিয়ে একজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় নিয়মিত টহলে থাকা আঙ্গুরপোতা বিওপির বিজিবি টহল দল তাকে আটক করে।
আটককৃত বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
বিজিবি জানায়, আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। এ ঘটনায় প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করে। একই সাথে অনুপ্রবেশ করা বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে ফেরত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।
বিজিবি আরো জানায়, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে। ৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তদের সাথে এ লক্ষ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।