গণভোট অবৈধ হলে সরকারও অবৈধ হয়ে যাবে : হামিদুর রহমান আযাদ

Printed Edition
aro-1
গণভোট অবৈধ হলে সরকারও অবৈধ হয়ে যাবে : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ জাতির প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সরকার এই অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে কৌশলে আদালতের দিকে ঠেলে দিয়ে জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। এর ফলে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত হলে জনগণ তা মেনে নেবে না।

গতকাল মাতারবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত তৃণমূল নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে দু’টি বিষয়ে নির্বাচন হয়েছে। যারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মনে রাখা উচিত গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন ও এ নির্বাচনে সংসদ সদস্য এবং সরকার অবৈধ হয়ে যাবে। তিনি আরো বলেন, দেশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্ত করে গণতন্ত্র সুসংহত, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কালক্ষেপণ না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

ড. হামিদ আযাদ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংসতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন স্তরের দুর্নীতি বন্ধের জন্য জোর দাবি জানান।

মাতারবাড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমির মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।