আনোয়ারায় ভোটের আগে কেন্দ্রে সিসি ক্যামেরা চুরি
Printed Edition
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রের স্থাপিত ক্যামেরা খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকালে কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে সিসি ক্যামেরা না দেখে বিষয়টি প্রথমে নজরে আসে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো একসময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো খুলে নেয়া হয়েছে। ভোটের ঠিক আগে এমন ঘটনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ, ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে।