সমস্যা চিহ্নিত করে জনগণের কল্যাণে কাজ করব : সিসিক প্রশাসক

Printed Edition
bangla-2
এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিসিক এর নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী (মাঝে) : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন একটি প্রবাসী অধ্যুষিত নগরী। এই সিটির প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। অল্প বৃষ্টি হলেই নগর তলিয়ে যায়। জলাবদ্ধতাসহ জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা নেবো। গত মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা যারা বিভিন্ন সিটির দায়িত্ব নিয়েছি, প্রধানমন্ত্রী আমাদেরকে ইনজেনারেলি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু মশা নিধনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, আপনারা নগরের উন্নয়নে পরিকল্পনা নেবেন। সেই পরিকল্পনা আমাদের কাছে পাঠাবেন। আমরা সেটা দেখে ব্যবস্থা নেবো।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটির সমস্যা চিহ্নিত করে জনগণের কল্যাণে কাজ করব। প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে পরিকল্পনা পাঠাতে বলেছেন। প্রধানমন্ত্রী সবগুলো সিটি করপোরেশনই পরিদর্শন করবেন। আমাদের কাজগুলো মনিটরিং করবেন।