এনায়েতপুরে থানা সড়ক থেকে ১৮ বস্তা টিসিবির চাল জব্দ
Printed Edition
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে নেয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৌয়দপুর এলাকা থেকে চালগুলো বেলকুচি উপজেলার এক ডিলারের গুদামে নেয়ার পথে এনায়েতপুর থানা সড়কে স্থানীয়রা একটি মিশুক ও অটোভ্যান আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৮ বস্তা চাল, একটি মিশুক ও একটি ভ্যান জব্দ করে। এ ঘটনায় পরিবহনের সাথে যুক্ত দুই চালককে থানায় নেয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির বস্তাভর্তি চালগুলো সন্দেহজনকভাবে পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা গাড়ি দু’টি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালকরা জানান, সৌয়দপুর থেকে প্রতি বস্তায় প্রায় ৪০ কেজি করে ১৮ বস্তা চাল বিক্রির উদ্দেশে বেলকুচির এক ডিলারের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা ভাড়ায় গাড়ি চালান বলে দায় অস্বীকার করেন।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, জব্দ করা চাল থানায় নেয়া হয়েছে। পরিবহনে জড়িত দু’জনকে হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।