গাজীপুরে প্রধান শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার
Printed Edition
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে দরজাবদ্ধ ফ্ল্যাটের কক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান পশ্চিমপাড়া এলাকার ‘ফাগুনী’ ভবনের দোতলার ওই কক্ষ থেকে লাশটি উদ্ধার হয়।
নিহতের নাম শাহানা বেগম (৫৭)। তিনি গাজীপুরের কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শাহানা বেগম ঢাকা মহানগরীর রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী।
নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, প্রায় চার বছর ধরে তার মা গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান এলাকার সাইফুল ইসলামের বহুতল ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। তার মা হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং পরানো ছিল। গত তিন-চার দিন শিক্ষিকাকে ঘর থেকে বের না হতে দেখে এবং সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিক ও ফ্ল্যাটের প্রতিবেশীরা থানায় খবর দেয়। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে শিক্ষিকার লাশ উদ্ধার করে।
পূবাইল থানার ওসি মোল্লা মো: খালিদ হোসেন জানান, পুলিশ ঘরের দরজা ভেঙে শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তত তিন-চার দিন আগে মৃত্যুবরণ করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।