বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন

Printed Edition
3rd-6
সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের লাইব্রেরিকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আধুনিকায়ন করেছে বিকাশ

ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় আধুনিকায়ন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিকাশের মরহুম চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক স্মরণে এই অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার করা হয়েছে।

লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষে গত শুক্রবার স্কুল প্রাঙ্গণে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম (অব:), স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা এবং মরহুম মাহফুজ সাদিকের সহধর্মিনী ড. মালিহা মোজাম্মিল ও তার পরিবারবর্গ। এ ছাড়া স্কুল অ্যালামনাইর পক্ষ থেকে আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমানসহ বর্তমান শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সাত দশকের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিটি আধুনিকায়নের ফলে এখন থেকে অর্ধশত শিক্ষার্থী একসাথে বসে নির্বিঘেœ বই পড়তে পারবেন। উন্নত অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধাসহ বেশ কয়েকটি উচ্চ কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে পড়ার সুযোগ পাবেন। এ ছাড়া সদস্য কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বই বাড়িতেও নিয়ে যেতে পারবেন।

মরহুম মাহফুজ সাদিক ১৯৯৮ সালে সেন্ট যোসেফ স্কুল থেকে এসএসসি পাস করেন।

স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সক্রিয় এই বরেণ্য ব্যক্তিত্ব প্রায় এক দশক লন্ডনে বিবিসিতে সাংবাদিকতা এবং এসওএএস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।

পরবর্তীতে ২০২১ সাল থেকে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে যুক্ত থেকে তিন হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে চার লাখেরও বেশি বই বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার আধুনিকায়নের এই উদ্যোগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।