বিদেশের সাথে স্বাক্ষরিত চুক্তি সংসদে আলোচনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা চাই সংসদই হবে সব সিদ্ধান্ত নেয়ার কেন্দ্র। অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশী রাষ্ট্রগুলোর সাথে সই হওয়া চুক্তিগুলো সংসদে আলোচনা হবে- এটিই স্বাভাবিক।

জাতীয় নির্বাচনের কিছু দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের সাথে চুক্তি সই করেছে। এসব চুক্তির ভবিষ্যত কী- গতকাল গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি সরকার বিশেষ কোনো দেশের প্রতি ঝুঁকছে কি না- প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সব দেশের সাথে আমরা সমতার ভিত্তিতে কথা বলব। এ বিষয়টি মাথায় রেখে আমরা অর্থনীতি, সমাজনীতি সব কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেবো।

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ বিঘিœত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না। কোনো দেশের সাথে সে ধরনের শর্তে সরকার কাজ করবে না। আপনি চাইলেও প্রতিবেশী রাষ্ট্রকে উপেক্ষা করতে পারেন না। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে। আমাদের এ অবস্থান খুবই পরিষ্কার।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের অন্যতম কাজ হচ্ছে বিনিয়োগকারীদের আস্থায় আনা। বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বাংলাদেশে থাকতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির বেড়াজাল ছাড়া বিনিয়োগকারীদের তাদের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার সুযোগ দিতে হবে।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কার্যকর কর্মপরিকল্পনা নেয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আমি শুধু বিএনপির এমপি নই

সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সালথার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। দলপক্ষের নামে মারামারি ও বন্দুকবাজি বন্ধ করতে হবে। এগুলো করে কোনো লাভ হয় না। হাসপাতালে যেতে হয়, মামলা হয়। কিন্তু আসলে আমাদের কোনো লাভ হয় না।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বিএনপির যে নেতাকর্মীরা মঞ্চে বসে আছেন, সামনে আমার যারা মুরুব্বি আছেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান ও নির্দেশনা থাকবে, সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে এ রমজান মাসে জনগণের পাশে থাকবেন। জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কোনো উল্টাপাল্টা কাজ, কোনো দুই নম্বর কাজে যদি কাউকে জড়িত হতে দেখি, তাহলে আইন আইনের গতিতে চলবে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ঘরেরই হোক, তা কোনো বিষয় নয়। আমার দায়িত্ব সবার জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি- আমি সবার। আমি শুধু বিএনপির এমপি নই।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো: মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো: শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো: আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহিন প্রমুখ।