আওয়ামী সুবিধাভোগী ৫ অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠাল সরকার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বার করেন জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপণ অনুযায়ী, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্য মো: তওফিক মাহবুব চৌধুরী ও পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং রিজার্ভ-টিআর) মো: মাসুদুর রহমান ভূঞাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ও একই মন্ত্রণালয়ে ওএসডি থাকা মোহা: আবদুল আলীম মাহমুদকে অবসর প্রদান করা হয়। সরকারি চাকরি আইনের (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপণে আরো বলা হয়, অবসর দেয়া পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, আবু হাসান মুহম্মদ তারিক ১২তম বিসিএস ক্যাডারের (পুলিশ)। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে পুলিশ হেডকোয়ার্টার্সে বসে আন্দোলন প্রতিহত করতে নানা পরিকল্পনা ও নির্দেশনা প্রদানের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আওয়ামী শাসনামলের পুরো সময়টাই পুলিশ হেডকোয়ার্টার্সের গোপনীয় শাখা, ডিআইজি ফাইন্যান্স, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও পুলিশের বেশ কয়েকটি নিয়োগ কার্যক্রমেও দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।

গত বছরের ২৭ জুলাই ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার। পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপি মোহা: আবদুল আলীম মাহমুদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এই পরিচয় কাজে লাগিয়ে তিনি পুরো আওয়ামী শাসনামলে রংপুরের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেন।

পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং রিজার্ভ-টিআর পদে) মো: মাসুদুর রহমান ভূঞা ২০১৮ সালের রাতের ভোটের অন্যতম কুশিলব ছিলেন। সেই সময়ে এই কর্মকর্তা খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়নের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্য মো: তওফিক মাহবুব চৌধুরী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিকটাত্মীয় হওয়ায় ব্যাচের পেছনে থেকেও নিয়মিত পদোন্নতি পান। নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ব্যাচের পেছনে থেকে নিয়মিত পদোন্নতি পেয়েছিলেন।