আইনি জটিলতা এড়াতে ঘনিষ্ঠদের ‘গণক্ষমা’র পরিকল্পনা ট্রাম্পের

Printed Edition

ওয়াল স্ট্রিট জার্নাল

ক্ষমতা ছাড়ার আগে ব্যাপকভাবে ‘প্রেসিডেন্সিয়াল পারডন’ বা ক্ষমা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে নিজের প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য আইনি জবাবদিহিতা থেকে আগাম সুরক্ষা দিতেই তিনি এমন পদক্ষেপ নিতে পারেন বলে জোরালো আলোচনা শুরু হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প একাধিকবার তার প্রশাসনের কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে, তিনি তাদের ক্ষমা করবেন। এমনকি একটি বৈঠকে তিনি এমন মন্তব্যও করেন যে, দায়িত্ব ছাড়ার আগে ওভাল অফিসের আশপাশে যারা কাজ করেছেন, তাদের সবাইকে ক্ষমার আওতায় আনা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, প্রশাসনের শেষ সময়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ‘গণক্ষমা’ ঘোষণা করা যায় কি না, তা নিয়ে ট্রাম্প ইতোমধ্যে নীতি-নির্ধারকদের সাথে আলোচনা করেছেন।

মূলত ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতেই এই নজিরবিহীন পদক্ষেপের পরিকল্পনা করছেন তিনি। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, এই মন্তব্যগুলো মূলত রসিকতা হিসেবে করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষমতা নিরঙ্কুশ হলেও এসব বক্তব্যকে সিরিয়াসভাবে নেয়ার প্রয়োজন নেই।

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ক্ষমা ও দণ্ড মওকুফ করার অধিকার রাখেন।