পোস্টাল ভোটব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে : সিইসি
৫ লাখ ৭৫ হাজার ভোটারের নিবন্ধন সিইসির সাথে বিএনপির বৈঠক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে প্রথমবারের মতো চালু করা হাইব্রিড পোস্টাল ভোটব্যবস্থা ভবিষ্যতে সারা বিশ্বের জন্য একটি আদর্শ বা রোল মডেল হয়ে থাকবে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, এই হাইব্রিড মডেলে অনলাইনে ভোটার নিবন্ধন সম্পন্ন করে ম্যানুয়ালি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হচ্ছে। এ পদ্ধতি প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক উদ্যোগ। তিনি বলেন, ‘গত ৫৪ বছরে যা করা সম্ভব হয়নি, আমরা সেই উদ্যোগ নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন কমিশন সেই প্রতিশ্রুতির বাস্তবায়নেই কাজ করছে।’ সিইসি আশা প্রকাশ করে বলেন, সময়ের সাথে সাথে এই ব্যবস্থার আরো উন্নয়ন ঘটবে এবং আগামী নির্বাচনগুলোতে এর পরিধি আরো বিস্তৃত হবে। প্রথমবারের মতো পোস্টাল ভোট চালু করতে গিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দেশী-বিদেশী বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট, আইসিটি প্রতিষ্ঠান, আইএফএস ও ইউএনডিপিসহ বিভিন্ন কনসালট্যান্টের সহায়তা নেয়া হয়েছে। যেখানে সমস্যা হয়েছে, সেখানেই সমাধান নিশ্চিত করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে সবাই মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করা হয়েছে। ভোট যত এগিয়ে আসবে, পরিস্থিতিও তত স্বাভাবিক হবে। তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারের কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত উৎসাহ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন। দেশের জন্য অবদান রাখতে পেরে তারাও আনন্দিত।
সিইসি বলেন, ‘দেশে ভোট একটি উৎসবের মতো অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে আস্থা রয়েছে, ভবিষ্যতে তা আরো বাড়বে।’ এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ ৭৫ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন জানিয়ে তিনি বলেন, নিবন্ধনের জন্য এখনো তিন দিন সময় রয়েছে এবং এ সময়ে সংখ্যাটি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে দুপুর সোয়া বারোটায় সিইসি তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো: আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজার ভোটারের নিবন্ধন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত মোট পাঁচ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে গতকাল বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পাঁচ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩৬ হাজার ৪৫৯ জন নারী ভোটার রয়েছেন।
প্রবাসী ও ইন-কান্ট্রি ভোটারদের অংশগ্রহণ : বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। সূত্র জানায়, এ পর্যন্ত দেশে অবস্থানরত ৯৩ হাজার ৯৩২ জন ভোটার ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।
প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ সৌদি আরব : প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক এক লাখ ৩৮ হাজার ৭০৫ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৪২৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৪ হাজার ৫৫ জন এবং যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৮৭৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
জেলা ও আসনভিত্তিক চিত্র : জেলা অনুযায়ী সর্বোচ্চ নিবন্ধন হয়েছে কুমিল্লায়-৫৮ হাজার ১৬ জন। এরপর ঢাকা (৪৯ হাজার ৪২৬), চট্টগ্রাম (৪৮ হাজার ৩৩০), নোয়াখালী (৩৩ হাজার ২৯৭), সিলেট (২৪ হাজার ৭৫) এবং চাঁদপুরে (২২ হাজার ৭৭৩) ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনী আসন অনুযায়ী ফেনী-৩ আসনে সর্বোচ্চ ৯ হাজার তিনজন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। এরপর চট্টগ্রাম-১৫, নোয়াখালী-১, কুমিল্লা-১০ ও নোয়াখালী-৩ আসন রয়েছে শীর্ষে।
প্রবাসীদের কাছে ব্যালট প্রেরণ শুরু : এদিকে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৫টি দেশের ৭১ হাজার ৯৫৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তিনি জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ভোটাররা অ্যাপ ও ইসি ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। প্রতীক বরাদ্দের আগে ভোট দিলেও সেটি বাতিল হবে না।
নিবন্ধনের সময়সূচি : নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে ভোটারদের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।