শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Printed Edition

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ, বিভিন্ন অনিয়মে জড়িত ব্যবসায়ীদের জরিমানা এবং এক কর্মচারীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

অভিযান চলাকালে অর্পিত সরকারি সম্পত্তিতে আগের একাধিক নিষেধাজ্ঞা উপো করে একটি শক্তিশালী গোষ্ঠী অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছিল বলে প্রশাসনের নজরে আসে। বিষয়টি যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাৎণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেন এবং তা বাস্তবায়ন করেন।

একই সময়ে বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরণ আইনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক ওজন না দেয়া এবং স্বাস্থ্যবিধি না মানাসহ নানা অভিযোগে ১২টি দোকানকে সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একটি বেকারির এক কর্মচারীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানের সময় বাজারের কয়েকটি মিষ্টির দোকানে প্যাকেটসহ ওজন করে মিষ্টি বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, ব্যবহৃত প্যাকেটগুলোর ওজন প্রায় ১৫০ গ্রাম পর্যন্ত বেশি। এতে ক্রেতারা প্রকৃত মিষ্টির ওজনের চেয়ে কম পণ্য পায়। প্রাথমিক হিসাবে জানা গেছে, এভাবে একটি দোকান বছরে প্রায় ৫০ হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। বিষয়টি ভোক্তাদের সাথে সরাসরি প্রতারণার শামিল বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।