পেশাদারিত্ব ও নিরপেক্ষ আচরণের মাধ্যমে সংসদ ও গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা সেনাপ্রধানের

Printed Edition
back-1
রংপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান : নয়া দিগন্ত

রংপুর ব্যুরো

সামরিক বেসামরিক প্রশাসনকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে সংসদ ও গণভোটে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল মঙ্গলবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন ও মোতায়েনকৃত সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

পরে তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে মোতায়েনকৃত সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রখেন।

সফরকালে রংপুর এরিয়া পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী পরিদর্শন ও মতবিনিময়

রাজশাহী ব্যুরো জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রাজশাহী পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি), রাজশাহীতে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

রাজশাহী পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি রাজশাহী বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।