আলেপ্পোতে লড়াই থামাতে সম্মত সিরীয় সেনাবাহিনী ও এসডিএফ
Printed Edition
আলজাজিরা
সিরিয়ার সরকারি বাহিনী এবং কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় প্রাণঘাতী লড়াই বন্ধ করতে সম্মত হয়েছে। ধারাবাহিক কয়েকটি হামলার ঘটনায় অন্তত দুই বেসামরিকের মৃত্যুর পর লড়াইবিরতির এ সিদ্ধান্ত এলো। সোমবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসএএনএ (সানা) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনীর জেনারেল কমান্ড এসডিএফ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা বন্ধের নির্দেশ জারি করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সিরিয়া সফরের সময় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল।
সোমবার ফিদান বলেছিলেন, চলতি বছরের মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সাথে একীভূত হওয়ার যে অঙ্গীকার এসডিএফ করেছিল, তা রক্ষা করার কোনো ইচ্ছা তাদের নেই বলে মনে হচ্ছে। মার্চে দামেস্ক ও এসডিএফের মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী, কুর্দি নেতৃত্বধীন এ বাহিনী সিরিয়ার নতুন সেনাবাহিনীর সাথে একীভূত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এ প্রক্রিয়ার বিস্তারিত অস্পষ্ট ছিল আর এর বাস্তবায়নও থমকে গেছে।
সানার খবরের পর এক বিবৃতিতে এসডিএফ জানায়, উত্তেজনা প্রশমনের আলোচনার পর তারা সিরীয় সরকারি বাহিনীর হামলার জবাব দেয়া বন্ধের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। তুরস্ক এ বাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ সংগঠন হিসেবে বিবেচনা করে। এর কারণ তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে এসডিএফের সম্পর্ক। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও পিকেকে-কে ‘সন্ত্রাসী সংগঠনের’ তকমা দিয়ে রেখেছে। অপরদিকে এসডিএফ মূলত কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর যোদ্ধার নিয়ে গঠিত। মার্চে পিকেকের কারাবন্দি নেতা আব্দুল্লাহ ওচালনের আহ্বানে সংগঠনটি সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এ সংঘর্ষ হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় বহু পরিবার ও স্থানীয় শ্রমিক। আলজাজিরার দামেস্ক প্রতিনিধি জানান, সংঘর্ষের সময় ভারী মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফের গুলিতে তাদের দুইজন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয়েছেন দুই শিশুও। এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার দুইজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সেনাসদস্য রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েনকৃত যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনরত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় এসডিএফ বাহিনী। তবে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সাথে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে এসডিএফ।