পুলিশের বিরুদ্ধে ১৪ হাজার কেজি তেল আত্মসাতের অভিযোগ

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আদর্শ গ্রুপ নামের খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী একটি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৫০ কেজি ক্রয়কৃত পাম তেল ট্রাকসহ আটকের পর তেল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ গুরুতর অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম। অবশ্য পুলিশ পাম তেল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানায়, তেল অন্য একটি মামলায় চোরাই পণ্য হিসেবে জব্দ করে আদালতে জমা দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস চেয়ারম্যান আবদুল ওয়াহিদ এ বিষয়ে একটি সংশ্লিষ্ট বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিজস্ব ট্রাকে ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) ক্রয়কৃত পাম তেল চাঁপাইনবাবগঞ্জ আনা হচ্ছিল। পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ তেলবাহী ট্রাকটি আটক করে। ওসির সাথে যোগাযোগ করার পর চাহিদা অনুযায়ী তেল ক্রয়ের মেমো ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়া হয়। কিন্তু থানার ওসি জানান আদালতের মাধ্যমে তেল ও ট্রাক ফেরত নিতে হবে। আদালতে গিয়ে জানা যায় ট্রাকটি অন্য একটি মামলায় জব্দ দেখানো হয়েছে, কিন্তু ট্রাকে থাকা তেল জব্দ দেখানো হয়নি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি (সদ্য বদলিপ্রাপ্ত) কে এম মাসুদ রানা বলেন, ওই ট্রাকে যে তেল পাওয়া গেছে তা একটি চোরাই গোডাউন থেকে লোড করা হয়েছে মর্মে পুলিশের কাছে তথ্য ছিল। পুলিশ তেলসহ ট্রাকটি জব্দ করে আদালতে জমা দেয়। এখন বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

একই দাবি করে পুলিশের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, পাম তেল আত্মসাতের অভিযোগ অবান্তর। তেল আত্মসাতের কোনো সুযোগ নেই। অন্য একটি মামলায় তেলগুলো জব্দ দেখিয়ে আদালতে জমা দেয়া হয়েছে।