ভেনিজুয়েলার তেলের রাজস্ব নিয়ে নতুন নির্দেশে সই ট্রাম্পের

Printed Edition

রয়টার্স ও এপি

ভেনিজুয়েলার তেল থেকে যুক্তরাষ্ট্রে আসা রাজস্ব নিয়ে নতুন নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই রাজস্ব থেকে আদালত ও ভেনিজুয়েলার পাওনাদারদের ‘বিরত’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি নির্দেশ জারি করে বলা হয়েছে, জমা থাকা সমস্ত অর্থ ভেনিজুয়েলার শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য ব্যবহার করা উচিত।

নতুন নির্দেশে কোনো বিশেষ সংস্থার নাম উল্লেখ না করেই জানানো হয়েছে, সরকারি ও কূটনৈতিক স্বার্থেই ভেনিজুয়েলার সম্পত্তি রাখা হয়েছে মার্কিন কোষাগারে। তাই ব্যক্তিগত দাবিদারের কোনো প্রসঙ্গ থাকছে না। হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প এই পদক্ষেপ না নিলে ভেনিজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারত।

প্রায় ২০ বছর আগে এক্সন মোবিল ও কনকোফিলিপস দু’টি কোম্পানির সম্পত্তি জাতীয়করণ হওয়ার পরে তারা ভেনিজুয়েলা ছেড়েছিল। তাদের পাওনা এখনো কয়েক শ’ কোটি ডলার। ভেনিজুয়েলার তেল শিল্পে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বৈঠকে বসেছিলেন এক্সন, কনকো-সহ একাধিক সংস্থার সাথে। সেই দিনই তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশও জারি করলেন।