নতুন আইজিপির দায়িত্ব নিলেন আলী হোসেন : বাহারুল আলমের বিদায়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। বুধবার সকালে তিনি দায়িত্ব নেন। একই সাথে সদ্য বিদায়ী আইজিপি বাহারুল আলমকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। নতুন আইজিপি এর আগে অতিরিক্ত আইজি (এপিবিএন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
মো: আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি সততা ও পেশাদারিত্বের সাথে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে কর্মরত ছিলেন।
মো: আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্টে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং ঢাকা অফিসার্স ক্লাব ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বিদায়ী ও নবনিযুক্ত আইজিপিকে সংবর্ধনা
এ দিকে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ বিদায়ী আইজিপি বাহারুল আলম ও নবনিযুক্ত আইজিপি মো: আলী হোসেন ফকিরের সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির কর্মজীবনের নানা দিক স্মরণ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নবনিযুক্ত আইজিপিকে স্বাগত জানিয়ে তাকে পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমর্যাদা আরো সমুন্নত হবে।
বাহারুল আলম কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নবনিযুক্ত আইজিপিকে দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে অভিহিত করে বলেন, তার নেতৃত্বে বাহিনীর ভাবমর্যাদা উজ্জ্বল হবে। দায়িত্ব গ্রহণের পর মো: আলী হোসেন ফকির বলেন, দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।