জামায়াত আমিরের সাথে জাপান ও চীনের নির্বাচন প্রতিনিধিদের সাক্ষাৎ

Printed Edition
first-4
চীনা পর্যবেক্ষক দলের সদস্যরা জামায়াত আমিরের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন :নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা জাপান ও চীনের পর্যবেক্ষণ মিশনের সদস্যরা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

জাপানি পর্যবেক্ষকদের সাক্ষাৎ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

গতকাল রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংহত করবে এবং বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

চীনা পর্যবেক্ষণ মিশন প্রতিনিধিদের সাক্ষাৎ : এ দিকে জামায়াত আমিরের সাথে চীনা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। গতকাল জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক মি. চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সাথে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।

বৈঠকে ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের আমিরের সাথে উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধাান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।