ফিনালিসিমার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত শনিবার নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরাইলের এই হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা, এর মধ্যে আছে কাতারও। যুদ্ধাবস্থায় নিজেদের দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করেছে কাতার। আর তাতেই কাতারে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচটি আয়োজন করা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা। তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, তারা স্থানীয় আয়োজকদের সাথে আলোচনায় চালিয়ে যাচ্ছে।

দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ মুখোমুখি হওয়ার কথা ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তবে ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ উয়েফা। মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতায় কারণে ম্যাচটি কোথায় হবে বা আদৌ হবে কিনা- সে বিষয়ে আগামী সপ্তাহের শেষ দিকে সিদ্ধান্ত নেয়া হবে বলে গত পরশু জানিয়েছে উয়েফা।

রয়টার্সকে পাঠানো বিবৃতিতে উয়েফা বলেছে, ‘স্থানীয় আয়োজকদের সাথে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ দিকে নেয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প কোনো ভেন্যু বিবেচনা করা হচ্ছে না।’