আল্লামা সাঈদীকে যারা কারাবন্দী করেছিল তাদের শেষ দেখে ছাড়ব : ডাকসু ভিপি
Printed Edition
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছিল, আমরা তাদের শেষ দেখে ছাড়ব। শুক্রবার ভাণ্ডারিয়া জিয়া মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এটি সেই সরকারের চরম ব্যর্থতা। সরকারের মৌলিক দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম সাঈদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব। সম্মেলনে কেরাত পাঠ করেন বিভিন্ন দেশের মুসলিম কারিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য- শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী (বাংলাদেশ), কারি আহমাদ আল-জাওহারী (মিসর), কারি মাহদি গুলাম নেযাদ (ইরান), কারি নাযির আসগর (ফিলিপাইন) এবং কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী কাদেরি (পাকিস্তান)। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান, গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম, শিল্পী মোমেন মুন্সী।