বর্তমান সরকার গরিব দুঃখী ও মেহনতি মানুষের সরকার : আমানউল্লাহ আমান

Printed Edition
3rd-1
বিজ্ঞানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান : নয়া দিগন্ত

ঢাকা জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার হলো গরিব-দুঃখী ও মেহনতি মানুষের সরকার। বাজেটেই তার প্রমাণ। নিত্যপণ্যের দাম কমানো হয়েছে, জনগণের ঘাড় থেকে করের বোঝা নামানো হয়েছে। এ সরকার সবসময় মানুষের পাশে ছিল, থাকবে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান দৃঢ় কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, তার ফলেই আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে, ইনশা আল্লাহ।

ডাকসুর সাবেক ভিপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও অগ্রগতির নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং পানির ফিল্টার থেকে শুরু করে সৌরচালিত গাড়ি-ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তরুণদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীর স্বনির্ভর বাংলাদেশের কারিগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, অ্যাকাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস প্রমুখ।