অবশেষে অন্তঃসত্ত্বা সোনালিসহ ৪ ভারতীয় নাগরিকের জামিন

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার অন্তঃসত্ত্বা নারী সোনালি খাতুনসহ চার ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো: আশরাফুল ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তঃসত্ত্বা সোনালি খাতুন যেকোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকি আরো তিনজনকে জামিন দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মাদার হয়েছেন। তিনি সোনালি বিবির আত্মীয় হন। একরামুল হক পিন্টু আরো বলেন, আগামী ৩ ডিসেম্বর ওই মামলার শুনানির দিন রয়েছে। ওই দিন আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ছয় ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দু’জন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামি করা হয়নি। ওই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো: কুরবান দেওয়ান (১৬) ও মো: ইমাম দেওয়ান (৬)। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেফতারকৃতদের পরিবার আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ছয় ভারতীয় নাগরিককে ফেরাতে চার সপ্তাহের সময় বেঁধে দেয়। পশ্চিমপঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ওই ছয় নাগরিক দিল্লিতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লি পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।