৩ জেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কোটি টাকার মালামাল
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের তিন জেলায় পৃথক অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও নারায়ণগঞ্জে ঘটে যাওয়া এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গত মঙ্গলবার গভীর রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে যায়। লেপ-তোষক, স্বর্ণের দোকান, কসমেটিক্স, সেলুন ও ওষুধের দোকানসহ এসব প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে কটিয়াদী ও নিকলীর দু’টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট বা চুলার আগুন থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর, চারটি গরু ও বিপুল পরিমাণ ফসল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত শ্রমিক রফিকুল ইসলামের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও বাজার এলাকায় গতকাল বুধবার রাতে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। দোকান মালিকদের দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।