শ্রীপুরে টিসিবির নিম্নমানের পণ্য, ক্রেতাদের অসন্তোষ
Printed Edition
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিম্নমানের হওয়ায় এবং প্যাকেজের দাম বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেয়া হতো, সেখানে এখন দেয়া হচ্ছে চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল। এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও অনেক নিম্নমানের। একই সাথে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৬৮ টাকা।
গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। যার প্রস্তুতকারক কোম্পানি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।
টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজের কোন পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না। ডিটারজেন্ট দিয়ে কাচলেও কাপড় পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলে স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন পাওয়া যেত। এখন বেশি দাম দিয়েও নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো: বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই।