রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্য জোকোভিচের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে আবারো অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন নোভাক জোকোভিচ। তবে তার লক্ষ্য অর্জনের পথে বড় বাধা বর্তমান টেনিসের দুই পরাশক্তি কার্লোস আলকারাজ ও জেনিক সিনার। যাদের দ্বৈরথকে অনেকে ডাকছেন ‘সিনকারাজ’ নামে।

অস্ট্রেলিয়ান ওপেন উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেন, ‘২০২৫ সালে আমি চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিতেই সিনার বা আলকারাজের কাছে হেরেছি। তবে ওদের অতিরিক্ত প্রশংসা করার দরকার নেই। ওরা যথেষ্টই প্রশংসিত।’

৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা স্বীকার করেন, ‘বর্তমানে সিনার ও আলকারাজ পুরুষ টেনিসে আধিপত্য বিস্তার করেছেন। তাতে এই নয় যে, অন্য কারো জয়ের সুযোগ নেই। বিশেষ করে এখানে। অস্ট্রেলিয়ায় আমি সবসময়ই নিজের সম্ভাবনায় বিশ্বাস করি।’

আজ রাতে রড লেভার অ্যারেনায় স্পেনের পেদ্রো মার্টিনেজের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবেন জোকোভিচ। চতুর্থ বাছাই হিসেবে তিনি ড্রয়ের একই অর্ধে রয়েছেন শীর্ষ বাছাই আলকারাজের সাথে। ফলে সেমিফাইনালেই মুখোমুখি লড়াই হতে পারে দুই যুগের দুই সেরা তারকার।