চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ১৯৪০ সালের ৩ মে ফরিদপুর জেলায় সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন ফরিদপুরের জমিদার চৌধুরী ময়েজউদ্দিন এবং পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং পাকিস্তান যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। তার চাচা চৌধুরী আব্দুল্লাহ জহিরউদ্দিন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং ছোট চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সিংহ পুরুষ হাজী শরীয়ত উল্লাহর বংশধর বাহাদুরপুরের পীর বাদশাহ মিয়া সাহেব তার নানা ছিলেন। তার ভাই চৌধুরী আকমল ইবনে ইউছুফ ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বৃহত্তর ফরিদপুরের প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন District Development Cordinator (DDC) হিসেবে নিয়োগ দেন। ফরিদপুর-৩ আসন থেকে তিনি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ট, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং ২০০১ সালে খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকালে দেশ, জাতি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ ফরিদপুরের ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ফরিদপুর মুসলিম মিশন, কোমরপুর মাদরাসা এবং ফরিদপুরে বিভিন্ন মাদরাসা ও মসজিদে কোরানখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আগামী ১৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউছুফের স্মৃতির ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।