রাঙ্গামাটির দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানি পেল ৯১ পরিবার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে গত রোববার দুর্গম শৈয়ালপাড়ায় প্রায় ৬০ জন (১৬টি পরিবার) এবং থাচিপাড়ায় প্রায় ২০০ জনকে (৭৫টি পরিবার) বিশুদ্ধ পানির সুবিধা দেয়া হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গত ২৫ নভেম্বর থেকে সেনাবাহিনী সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙ্গামাটির দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘমেয়াদি বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্গম শৈয়ালপাড়া এবং থাচিপাড়ার বাসিন্দাদের পানির তীব্র সঙ্কট সম্পর্কে জানতে পারে। দুর্গম এই পাহাড়ি পাড়াগুলোতে স্থানীয়রা আনুমানিক ৪০০ থেকে ৬০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যা অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ নেয়।
রাঙ্গামাটি রিজিয়নের জুড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় গত রোববার শৈয়ালপাড়া এবং থাচিপাড়ায় দু’টি পৃথক পানির পয়েন্ট স্থাপন করা হয়। ফলে শৈয়ালপাড়ায় প্রায় ৬০ জন (১৬টি পরিবার) এবং থাচিপাড়ায় প্রায় ২০০ জন (৭৫টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির কাছেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।