ত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১
বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের প্রার্থীদের গণসংযোগ জোরদার
Printed Edition
পোরশা (নওগাঁ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গ্রাম, হাট-বাজারে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ প্রতিশ্রুতিমূলক প্রচার চালাচ্ছেন তারা। বড় তিনটি দলের বাইরে অন্য কোনো দলের প্রার্থীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না।
আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মোস্তাফিজুর রহমান। তবে সাবেক তিনবারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় দলের স্থানীয় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। ডা: ছালেক চৌধুরীর সমর্থকরা নিয়মিত মশাল মিছিল, মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করছেন। তাদের দাবি, মোস্তাফিজুরের মনোনয়ন বাতিল করে ডা: ছালেককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় বিএনপির অভ্যন্তরে একধরনের বিভক্তি দেখা দেবে।
তবে এসব বিতর্কের মধ্যেই মোস্তাফিজুর রহমান মাঠে প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কার্যক্রম নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, শোডাউন ও পথসভা করছেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন, চূড়ান্ত মনোনয়ন যার পক্ষেই যাক, সবাই ধানের শীষের বিজয়ের জন্য একসাথে কাজ করবে। তাদের বিশ্বাস, অতীতে বিএনপি সরকারের উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভোটারদের আবারো বিএনপির দিকে ঝুঁকবে।
অন্যদিকে, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ নিয়মিত গণসংযোগ, পথসভা ও হাটবাজারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশলবিনিময় করে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং নিজ নিজ প্রতীক মার্কায় ভোট চাইছেন।
স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচন অতীতের মতো নয়, বরং স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারাও উৎসাহিত হয়েছেন বলে জানান।