ক্রিকেটারদের হতাশা কাটাতে কন্ডিশনিং ক্যাম্প

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ না নেয়ায় আপাতত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট নেই জাতীয় দলের। তাই এই সময়ে ক্রিকেটারদের সক্রিয় ও মানসিকভাবে প্রস্তুত রাখতে ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পুলের ক্রিকেটারদের নিয়ে এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে, যা চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্রিকেট পরিচালনা বিভাগে অনুষ্ঠিত এক সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।

টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দল-সম্পর্কিত অন্যান্য খেলোয়াড়দের নিয়েও ক্যাম্পের তালিকা প্রস্তুত করা হচ্ছে। জাতীয় দলের নির্বাচক প্যানেল কন্ডিশনিং ক্যাম্পের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করবে। ক্যাম্প শেষে ক্রিকেটাররা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য ছুটি পাবেন। নির্বাচন-পরবর্তী সময়ে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট।

চার দলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে তিনটি দল। বাকি একটি দল থাকবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড়দের নিয়ে। বিসিএল ওয়ানডে লিগ পর্বের ম্যাচগুলো হবে রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে, আর ফাইনাল হতে পারে শেরেবাংলা স্টেডিয়ামে। ১৫ দিনের ওয়ানডে লিগ শেষ হবে ২ ফেব্রুয়ারি।