লিবিয়ার সৈকতে ৫ অভিবাসনপ্রত্যাশীর লাশ

Printed Edition

রয়টার্স

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বদিকে অবস্থিত উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারে সমুদ্রসৈকতে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর লাশ ভেসে এসেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে দুই নারীর লাশও আছে বলে তিনি রয়টার্সকে জানিয়েছেন।

কাসর আল-আখিয়ার থানার তদন্তপ্রধান হাসান আল-গাউইল শনিবার বলেন, একটি শিশুর লাশও ভেসে এসেছিল কিন্তু বড় বড় ঢেউয়ের কারণে ওই লাশটি ফের সমুদ্রে চলে গেছে বলে ওই এলাকার লোকজন জানিয়েছেন। লাশটি খুঁজতে কোস্টগার্ডকে অনুরোধ জানানো হয়েছে।

যাদের লাশ তীরে ভেসে এসেছে তারা সবাই কৃষ্ণাঙ্গ; লোকজন শহরের পশ্চিমাঞ্চলের এম হামিদ আল-শরিফ সৈকতে ওই লাশগুলো পায় এবং পরে থানায় খবর দেয়। ন্যাটোর মদদপুষ্ট অভ্যুত্থানে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্যকে পেছনে ফেলে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যেতে চাওয়াদের গুরুত্বপূর্ণ ট্রানজিট পথে পরিণত হয়। সশস্ত্র সংঘাত ২০১৪ সালের পর থেকে লিবিয়াকে পূর্ব ও পশ্চিমাঞ্চলে ভাগও করে রেখেছে।

উপকূলীয় শহর কাসর আল-আখিয়ার রাজধানী ত্রিপোলির ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত। সৈকতে ভেসে আসা লাশের ছবি এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, রয়টার্সও সেগুলো দেখেছে। ছবিতে থাকা কিছু কিছু লাশ তখনো সমুদ্রে ভাসতে সহায়ক কালো বয়ার মধ্যেই ছিল। গাউইল বলেছেন, “লাশগুলো নিয়ে যেতে রেড ক্রিসেন্টকে খবর দিয়েছি আমরা। যেসব লাশ পেয়েছি সেগুলো অক্ষত রয়েছে, আরো লাশ ভেসে আসতে পারে বলে আমরা ধারণা করছি”।