বাথরুমে পাওয়া নবজাতকের ঠিকানা প্রবাসী দম্পতির ঘর

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ক্লিনিকের বাথরুম থেকে উদ্ধার হওয়া নবজাতক অবশেষে পেল নতুন আশ্রয়। ৩৫টি আবেদন যাচাই-বাছাই শেষে সাড়ে তিন লাখ টাকা বন্ড ও পাঁচটি শর্ত সাপেক্ষে শিশুটিকে দত্তক দিয়েছেন আদালত। নবজাতক এখন সিঙ্গাপুরপ্রবাসী দম্পতি নাদিম আকন ও সাদিয়া আক্তারের ঘরে বড় হবে।

জানা যায়, গত ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় শহরের লেকের দক্ষিণপাড়ায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুমে পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে দেখে উদ্ধার করেন। পরে তাকে ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার দিনব্যাপী শুনানি শেষে বিচারক রিফাত মোল্লা দম্পতি নাদিম আকন ও সাদিয়া আক্তারকে শিশুটির দত্তক অভিভাবক হিসেবে ঘোষণা করেন। গত মঙ্গলবার বিকেলে তাদের হাতে তুলে দেয়া হয় নবজাতকটিকে।

দত্তক গ্রহণকারী নাদিম আকন বলেন, ‘শিশুটিকে নিতে সিঙ্গাপুর থেকে ছুটে এসেছি। তাকে মানুষের মতো মানুষ করে তুলব।’ মা হতে পেরে আবেগাপ্লুত সাদিয়া আক্তার বলেন, ‘এখন থেকে সে আমাদের সন্তান। মায়ের সব ভালোবাসা দিয়ে তাকে বড় করব।’

সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার শেখ নাহিয়ান ওয়াহিদ জানান, আদালতের নির্দেশনায় প্রতি দুই মাসে শিশুটির শারীরিক, মানসিক ও পারিবারিক পরিবেশ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। শিশুটির কল্যাণে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।