উচ্ছ্বসিত দীপা খন্দকার

Printed Edition
bino-2
উচ্ছ্বসিত দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক

গেল বছরটা অভিনয় জীবনের এক অন্যরকম সময় পার করছিলেন নাট্যাঙ্গনের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। কারণ গেল বছর তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের মধ্য বেশ সাড়া ফেলে। তবে বছরের শেষপ্রান্তে এসে ইউটিউবে প্রচার চলতি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতেমা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন দীপা খন্দকার। আর এই ধারাবাহিকে অভিনয়ের জন্যই দীপা খন্দকার গত ৯ জানুয়ারি ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ‘বেস্ট সাপোর্টিভ ক্যারেক্টার’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন দীপা খন্দকার। তবে অনুষ্ঠানে সরাসরি দীপা খন্দকার উপস্থিত না থাকতে পারলেও তার পক্ষ থেকে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন এবং পরের দিন পরিচালক রাজ দীপা খন্দকারের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। সাধারণত অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে দীপা খন্দকারের উপস্থিতি একদমই চোখে পড়ে না। সবসময় দীপা খন্দকার অভিনয় করে যেতেই ভালোবাসেন। দর্শকের ভালোবাসাই তার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু তার পরও এই সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দীপা খন্দকার। দীপা খন্দকার বলেন, ‘এটা আমাদেরই গল্প ধারাবাহিকের ফাতেমা চরিত্রটি যে দর্শকের মনে দাগ কেটেছে তা চলতে ফিরতে বেশ অনুভব করতে পারি। দর্শকের সাথে দেখা হলে তারা ফাতেমা চরিত্রটি নিয়ে বেশ আগ্রহ ভরে কথা বলেন। দর্শকের এই যে ভালোলাগা এই যে উচ্ছ্বাস আমি তা নতুন করে উপলদ্ধি করছি। এটা আমাদেরই গল্প নাটকে অভিনয়ের জন্য এই সম্মাননা এই প্রাপ্তি সত্যিই অনেক অনেক ভালোলাগার। ভীষণ ভালোলাগল এই সম্মাননা পেয়ে। আমি তো বলব এটা শুধুই আমার নয়, এটা আমাদেরই গল্পর পুরো টিমের পুরস্কার। ধন্যবাদ এই নাটকের পরিচালক রাজকে, ধন্যবাদ দর্শককে। আগামীতে আরো ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম।’ গত বছর দীপা অভিনীত ‘শেষের গল্প’, ‘অনুতপ্ত’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। ‘শেষের গল্প’ নির্মাণ করেছেন মুরাদ পারভেজ। ‘অনুতপ্ত’ নির্মাণ করেছেন কে এম সোহাগ রানা। ‘শেষের গল্প’তে দীপার বিপরীতে ছিলেন জাহিদ হোসেন শোভন। আর ‘অনুতপ্ত’তে তার বিপরীতে ছিলেন ইন্তেখাব দিনার। এরই মধ্য দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার কাজ।

এছাড়াও আরো বেশ কিছু কাজের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন দীপা খন্দকার, যা সময় হলেই সবাইকে জানান দেবেন তিনি।